Logo
×

Follow Us

জাতীয়

রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

ছবিঃ পিএমও

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কম্পিউটারে বোতাম চেপে চাষীদের মোবাইল অ্যাকাউন্টে এ অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কম্পিউটারে একটি বোতাম চাপার কয়েক মিনিটের মধ্যেই সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতার অর্থ আখচাষীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আখচাষীদের সহায়তায় সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ৩৮ হাজার ৯৭০ জন চাষীর কাছে বিতরণ করা হবে। এ সহায়তা আখ চাষে কৃষকদের উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে বোতাম চাপলে উপস্থিত জনতার অনেকে সমস্বরে ‘বিসমিল্লাহ’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন তিনি। তাঁরা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিও ছিল। বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

জনসভায় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

এ ছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। রাজশিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন