ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ আইনমন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
ছবিঃ বাসস
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, দলীয় নেতাকর্মীদের তাঁর পক্ষেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় প্রার্থীর বিরোধিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তির দলে জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ বিরোধিতায় নামলে তাঁকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে বিএনপি জয়ের সম্ভাবনা রয়েছে—এমন প্রার্থী খুঁজছে। দলের বড় কোনো নেতা মনোনয়ন পেলেও তার জয়ের সম্ভাবনা না থাকলে তাঁকে প্রার্থী করা হবে না। দলকে বিজয়ী করাই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে।
আসাদুজ্জামান বলেন, দল ক্ষমতায় না থাকলে ব্যক্তিগতভাবে কোনো নেতা কতটা গুরুত্বপূর্ণ বা যোগ্য, তা দিয়ে বিশেষ কোনো লাভ হতো না। তাই ব্যক্তির চেয়ে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, দল তার কাছে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিকল্প অবস্থান নিলে বা দলের সাথে বিশ্বাসঘাতকতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। এ বিষয়ে দলের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)