Logo
×

Follow Us

জাতীয়

দুর্গাপূজায় কক্সবাজারে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দিলেন মন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

দুর্গাপূজায় কক্সবাজারে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দিলেন মন্ত্রী

ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের পূজামণ্ডপ পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও পূজার্থীদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। একই সাথে বিজয়া দশমীতে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার রাতে কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

সাচিং প্রু বলেন, বিজয়া দশমীতে কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের সর্ববৃহৎ দেবী দুর্গার প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির এ সময়ে বিপুলসংখ্যক পর্যটক, দর্শনার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর সমাগমের সম্ভাবনা থাকায় সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।

পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী কক্সবাজার সদরের কালীবাড়ি, সরস্বতীবাড়ি, গোলদীঘির পাড়, হরিজনপাড়া, বঙ্গপাহাড়, লাবণী পয়েন্ট মোড় এবং খুরুশকুলের রাস মন্দিরসহ প্রধান পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন