Logo
×

Follow Us

জাতীয়

পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী

ছবিঃ পিএমও

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করতে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়কপথে রংপুরে যাওয়ার কথা রয়েছে তার।

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রংপুরে পৌঁছে রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।

এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সফরে তার সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

রংপুরে কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন। বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেয়ার কর্মসূচিও রয়েছে তার।

বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতির কথা রয়েছে। পরে রাত পৌনে ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত সোয়া ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদ্‌যাপিত হচ্ছে। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

মন্তব্য করুন