সংগৃহীত ছবি
নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোরের বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওপর বাস ও ট্রাক পড়ে থাকায় নাটোর-পাবনা সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)