রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনা পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে কাজী রাকিব হোসাইনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
উল্লেখ্য, জানা যায়, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিন মাস বিলুপ্ত থাকার পর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এতে কাজী রাকিব হোসাইনকে আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
ছাত্র ইউনিয়ন থেকে পরে ছাত্রদল ও বিএনপির কারো কারো সাথে চলতেন রাকিব-এমন তথ্য জানিয়েছেন ছাত্রদলেরই কয়েকজন নেতা। তবে তিনি ছাত্রদলে কোনো পদে ছিলেন না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)