Logo
×

Follow Us

জাতীয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তার পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি স্বেচ্ছায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে ঢাকা-৬ সংসদীয় আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চালিয়ে যেতে চান তিনি।

ইশরাক জানান, প্রধানমন্ত্রী তাঁকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনের জন্য যেমন যুদ্ধ করতে হয়েছে, তেমনি স্বাধীনতার পরও সাংস্কৃতিক, অর্থনৈতিক, মাদকবিরোধী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সংগ্রাম চালিয়ে যাওয়া প্রয়োজন।

মাদকের বিস্তারকে দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করার পাশাপাশি দেশের ভবিষ্যৎকেও ঝুঁকির মুখে ফেলছে। এ কারণে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্র হাতে নেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক বলেন, তিনি মনে করেন, ওই ঘটনায় কোনো ভুল করেননি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, চাঁদা আদায়ের জন্য নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতেই তিনি সেখানে গিয়েছিলেন।

ইশরাক আরো অভিযোগ করেন, অভিযানের সময় অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে, যার ফলে মাদকবিরোধী অভিযানের মূল বিষয়টি আড়ালে পড়ে যায়। তবে তার আচরণে কোনো ভুল হয়ে থাকলে কিংবা কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য করুন