স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা: আইনমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
সংগৃহীত ছবি
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আগের নিয়ম অনুযায়ী তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, অতীতে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছেন, এখনো একইভাবে তাঁদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার আশাবাদী। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)