Logo
×

Follow Us

জাতীয়

সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম

সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করতে না পারলে জাতীয় প্রত্যাশা পূরণ সম্ভব হবে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি ও সাংবিধানিক—দুই ধরনের প্রক্রিয়াই প্রয়োজন। এ ক্ষেত্রে বিরোধী দল সংবিধান সংশোধনের উদ্যোগকে সংবিধান সংস্কারের অংশ হিসেবেও বিবেচনা করতে পারত।

বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা না করার কথা জানিয়েছেন। তবে সরকারের পাশাপাশি দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে বিরোধী দলের সহযোগিতা করা উচিত বলে তিনি মনে করেন।

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন জাতীয় জীবনের জন্য অনুপ্রেরণার বিষয়। এই গণঅভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এ পর্যায়ে পৌঁছাতে হয়েছে। তাই জাতীয় জীবনে জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে জাগ্রত রাখতে হবে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে নাটক, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও জুলাইয়ের প্রতিফলন থাকা প্রয়োজন। সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করতে চায় এবং প্রধানমন্ত্রী সেই লক্ষ্য সামনে রেখে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্বের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কাজের মাধ্যমেই তাদের অঙ্গীকারের প্রমাণ দেবে।

মন্তব্য করুন