সম্প্রীতির বাংলাদেশ গড়তে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি পাঁচদোনা শ্রী শ্রী হরি মন্দির এবং পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। পরে নিজের তহবিল থেকে বিভিন্ন মন্দিরে অনুদান দেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।
ড. আবদুল মঈন খান বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত শিক্ষা হলো অন্যায়, জুলুম ও অত্যাচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। এ শিক্ষাকে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত ও সামাজিক জীবনেও ধারণ করতে হবে। সাধারণ মানুষের প্রতি অবিচার দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।
নরসিংদীকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে নানা জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিলেও এ অঞ্চলের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখেছেন। ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থানের এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সবাই বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে বক্তব্যে আবদুল মঈন খান বলেন, পলাশের মানুষের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রতিবছরই তিনি এ অঞ্চলের পূজামণ্ডপগুলোতে যাওয়ার চেষ্টা করেন। মন্দির ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরো বলেন, দেবী দুর্গার আদর্শ থেকে শিক্ষা নিয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে পলাশকে একটি সুন্দর ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)