সঠিক পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
পরিকল্পনা, সদিচ্ছা ও জনসম্পৃক্ততা থাকলে যেকোনো এলাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে দৃশ্যমান পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রায় দুই মাস আগেও আমিনবাজারের পরিবেশ যে অবস্থায় ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ উদ্যোগের ফলে এলাকার সৌন্দর্য বেড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য তুলনামূলক পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে।
পরিবেশের এ উন্নয়ন ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা নিশ্চিত করা গেলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব। মানুষ যেন নির্মল বাতাসে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখায় ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি উদ্যোগে একটি এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলার পর সেই পরিবেশ ও সৌন্দর্য রক্ষার দায়িত্ব স্থানীয় জনগণকেও নিতে হবে।
এ সময় ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন অন্যান্য এলাকাতেও সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন তারেক রহমান। মহাসড়কের দুই পাশে অবস্থিত মিল ও কারখানার মালিকদের সাথে আলোচনা করে নির্দিষ্ট কিছু স্থানের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের দেয়া যেতে পারে বলেও তিনি পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেগুলো চিহ্নিত করে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পরিকল্পিতভাবে এসব কার্যক্রম বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও আশপাশের এলাকার পরিবেশের আরও উন্নতি হবে এবং স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণসংক্রান্ত সমস্যাগুলোর কার্যকর সমাধান করা যাবে।
তারেক রহমান বলেন, আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত তৈরি করেছে। এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে অন্য জেলার প্রশাসকেরাও নিজ নিজ এলাকার উপযুক্ত স্থানগুলো পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তিনি আশা করেন।
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির আওতায় আমিনবাজারসহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশ উন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মহাসড়কসংলগ্ন এলাকাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)