Logo
×

Follow Us

জাতীয়

মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা রিজভীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা রিজভীর

ছবিঃ বাসস

মানবকল্যাণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে জিয়াউর রহমান ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংগঠনটির মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের মানুষ এর মাধ্যমে অধিকতর সেবা পাবে।

রবিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের বিভিন্ন সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ ও কিশোরদের শিক্ষা, বিজ্ঞান এবং মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে কাজ করছে ফাউন্ডেশন। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের মূল লক্ষ্য মানবকল্যাণ ও মানবসেবা।

ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব, হামসহ বিভিন্ন সংকটের সময় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগঠনটি কাজ করেছে। উত্তরাঞ্চল ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার সময়ও ত্রাণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি নানা ধরনের মানবিক উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন। দুর্ঘটনা বা অন্য কারণে পা হারানো ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনতেও সহায়তা করেছে সংগঠনটি।

দেশের চলমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারের উদ্যোগের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে কোনো ঘাটতি না রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধেও প্রধানমন্ত্রী নিজে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। এসব উদ্যোগ কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। দল-মত নির্বিশেষে মানুষের সেবা করাই এর প্রধান উদ্দেশ্য। সংগঠনে দায়িত্ব পালনকালে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ নেই; এ বিষয়ে ফাউন্ডেশনের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, মানুষকে উদ্বুদ্ধ করা, আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে জনগণকে সম্পৃক্ত করা সংগঠনটির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি ও মানবিক উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন