অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবিঃ পিআইডি
অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই শারদীয় দুর্গাপূজার মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সব ধর্মের মানুষের সম্মিলিতভাবে দেশের ঐক্য রক্ষায় কাজ করা প্রয়োজন।
রবিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং উৎসবের সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, পৃথিবীতে অন্যায়, অত্যাচার ও নিপীড়ন বেড়ে গেলে সেসবের অবসান ঘটাতেই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। বাংলাদেশের ইতিহাসেও অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিরোধের বহু দৃষ্টান্ত রয়েছে। এ দেশে বারবার অসুরের আবির্ভাব ঘটলেও মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাজিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
রমনা কালীমন্দিরের ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংসের চেষ্টা করা হয় এবং ১৯৭৩ সালে এটি পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। তার দাবি, ধর্মনিরপেক্ষতার কথা বলা ব্যক্তিদের হাতেই এ ঘটনা ঘটেছিল।
তিনি আরো বলেন, ২০০১ সালে গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় রমনা কালীমন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে মন্দিরটিকে আগের ঐতিহ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দেয়া হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়া ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস এবং সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য উপস্থিত ছিলেন। মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)