আলোচিত যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৮৬ জন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম
আলোচিত যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৮৬ জন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর পুনরায় অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী। এখন উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র নির্ধারণের অপেক্ষা।
শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে পরীক্ষার ফল প্রকাশের তথ্য জানানো হয়।
অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেয়া হয়। পদটি আগে ক্রেডিট সুপারভাইজার নামে পরিচিত ছিল।
অফিস আদেশে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে জানানো হবে। এ-সংক্রান্ত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও জানানো হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদের বাছাই পরীক্ষা প্রথমে ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়।
পরে নতুন প্রশ্নপত্রে গত ১৬ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুনরায় বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার ফলই শনিবার প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশে আরো বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম বা অসাধু উপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা কিংবা প্রকাশিত ফল বাতিল করা হবে।
উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেয়ার পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের পাঠানো বার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)