চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে এসআরবি-পুলিশের ৪ স্তরের নিরাপত্তাবলয়
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা বলয়। নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুজব ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চট্টগ্রাম মহানগরী ও জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিং করা হচ্ছে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব এবং প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুজব ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে. এম. সেন হল পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন এসআরবি-৭ চট্টগ্রাম-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর সফরটি নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নির্দেশনা ও সমন্বয়ে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা নস্যাৎ করতে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম জেলা ও মহানগরীতে প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপ রয়েছে। মণ্ডপের সংখ্যা বিবেচনায় নিয়ে অনেক আগে থেকেই নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে। র্যাবের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে এসআরবি সদস্যরা নিয়মিত পরিদর্শন ও মোবাইল টহল দেবেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে। বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়া হবে। পূজামণ্ডপগুলোতে এসআরবির যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।’
একইদিন সকালে জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম এবং চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সংহতি প্রকাশ করতেই চট্টগ্রামে আসছেন। এটি আমাদের ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত আনন্দের। দল ও প্রশাসনের পক্ষ থেকে তার এই আগমনকে সফল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর ঘিরে কেবল সনাতন ধর্মাবলম্বীরাই নন, পুরো চট্টগ্রামবাসী অত্যন্ত উচ্ছ্বসিত। উৎসবের বাকি দিনগুলো নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও আয়োজকদের প্রত্যাশা, সর্বাত্মক সমন্বয় ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের বাকি দিনগুলো এবং প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)