Logo
×

Follow Us

জাতীয়

রিসোর্টে আগুন: ট্যুরিজম বোর্ডকে পর্যটনমন্ত্রীর জরুরি ৩ নির্দেশনা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

রিসোর্টে আগুন: ট্যুরিজম বোর্ডকে পর্যটনমন্ত্রীর জরুরি ৩ নির্দেশনা

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি তিনটি নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে এ ঘটনায় প্রাণহানির খবরের পরিপ্রেক্ষিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।

নির্দেশনার মধ্যে রয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো।

এছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সাথে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা নিতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসাথে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের লাশ পাওয়া গেছে। 

মন্তব্য করুন