Logo
×

Follow Us

জাতীয়

কর্ণফুলী টানেলের লোকসান তদন্ত করবে সংসদীয় কমিটি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

কর্ণফুলী টানেলের লোকসান তদন্ত করবে সংসদীয় কমিটি

ছবিঃ বাসস

কর্ণফুলী টানেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন প্রক্রিয়া এবং বর্তমান আর্থিক লোকসানের কারণ অনুসন্ধানে কাজ করবে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষ কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কর্ণফুলী টানেলের ফিজিবিলিটি স্টাডি, প্রকল্প বাস্তবায়ন এবং আর্থিক লোকসানের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হয়। বিষয়টি নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বৈঠকের শুরুতে সংশোধনী সাপেক্ষে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। আগের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১ হাজার ১৫৩টি প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পগুলোর পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র উপস্থাপন করে সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে ২৫৬টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণও বৈঠকে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ভূমি অধিগ্রহণে জটিলতা, আমদানিনির্ভরতা, প্রকল্প পরিচালক নিয়োগে সমস্যা, যথাযথ সম্ভাব্যতা যাচাইয়ের ঘাটতি, সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়সংক্রান্ত জটিলতা। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে জটিলতা দূর করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালাটি চূড়ান্ত হলে এ ক্ষেত্রে বিদ্যমান সমস্যার কার্যকর সমাধান হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে অঞ্চলভিত্তিক বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্যতার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের ২২১টি শূন্য পদের বিপরীতে বিভিন্ন গ্রেডে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জনবল নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের বিপরীতে সুপরিকল্পিত কর্মভার নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেন কমিটির সভাপতি।

বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম ও মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশ নেন। এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য, পরিকল্পনা বিভাগ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন