Logo
×

Follow Us

জাতীয়

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থানমুখী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থানমুখী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষাব্যবস্থাকে সমন্বিত ও সামগ্রিক পদ্ধতিতে সাজাতে হবে, যাতে শিক্ষিত তরুণদের বেকারত্ব কমানো সম্ভব হয়।

শনিবার বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা, করপোরেট সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠানে কাজের জন্য বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে। অথচ দেশে বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ বেকার রয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার সাথে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয় ঘটানো জরুরি।

তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রদানের আহ্বান জানান। একই সাথে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম কর্মী গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় মওকুফ বা বৃত্তি দেওয়ার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা করছে। প্রতিবছর গড়ে প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ এবং বৃত্তি হিসেবে দেয়া হয়।

সাক্ষাৎকালে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবের পাশাপাশি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন