ছবিঃ বাসস
চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় দেওয়া যাবে না।
আজ বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মান বাড়ানো প্রশাসনের অন্যতম দায়িত্ব। জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
বরগুনার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান নূরুল ইসলাম মনি। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানো সরকারের উন্নয়ন অগ্রাধিকারের অংশ।
এ অঞ্চলের কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামো খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান চিফ হুইপ।
তিনি বলেন, সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে উন্নয়ন প্রকল্পের সুফল প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার বিকল্প নেই। বরগুনার উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)