Logo
×

Follow Us

জাতীয়

নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী, তরুণ শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী, তরুণ শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

ছবিঃ পিএমও

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করে দেশ গঠন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একা দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে পারবে না। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশকে আরো সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ওই আন্দোলনে তরুণেরা ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’
তিনি বলেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তবে আন্দোলনের মধ্যেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।
রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এর ফলে বিশেষ করে শিশুরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন