গণতন্ত্র শক্তিশালী হলেই দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
ছবিঃ বাসস
দেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নিয়মিত সরকারি কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে পারলেও দেশে উন্নয়নের পথ সুগম হবে। এ জন্য রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জরুরি।
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, নিয়মিত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে বিভিন্ন পর্যায়ে বাধার মুখে পড়তে হবে। তাই সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব এখন সবার। গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা না করে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠনের পর দেশে আবারও নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধারাকে আরো এগিয়ে নিতে হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নানা প্রতিকূলতা মোকাবিলা করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করলে এবং ঐক্য ধরে রাখতে পারলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পর এখন মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য কাজ করার সময় এসেছে।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অন্য অতিথিরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)