সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর নিরাপত্তাজনিত বিধিনিষেধের প্রভাবে ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত এ রুটের ১০৭টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা ব্যাহত হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট ব্যাহত হয়েছে।
ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ওপর। এয়ারলাইনসটির ২২টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত হওয়ায় সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি ট্রানজিট ফ্লাইটের যাত্রীদের বিকল্প রুটে যাত্রা ও পরবর্তী সংযোগ ফ্লাইট পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সাথে সমন্বয় করে কাজ চলছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোর বিধিনিষেধ শিথিল হওয়া এবং সামগ্রিক পরিস্থিতির উন্নতির ওপর ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়া নির্ভর করছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)