রাজধানীর ২৫৭ পূজামণ্ডপ সিসি ও বডিওন ক্যামেরায় নজরদারিতে: ডিএমপি কমিশনার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপ ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা ও বডিওন ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজা ঘিরে নাশকতা বা ভীতি সৃষ্টির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এ ধরনের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য ২ হাজার ১০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের ১৬ হাজারের বেশি সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পূজামণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। এর মধ্যে রাজধানীর নয়টি বড় পূজামণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ৫০ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজামণ্ডপের সিসি ক্যামেরা ডিএমপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ইনচার্জদের বডিওন ক্যামেরার মাধ্যমেও সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে শেষ হবে। এ সময় শোভাযাত্রার পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
ডিএমপি কমিশনার আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
তিনি নগরবাসীকে যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার এবং সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী ও নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)