Logo
×

Follow Us

জাতীয়

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা

সংগৃহীত ছবি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে কল্পারম্ভ ও ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দেশের বিভিন্ন পূজামণ্ডপে শুরু হবে আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

এর আগে গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। দুর্গাপূজাকে ঘিরে গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ সাজানোর কাজ চলে। প্রতিমা নির্মাণ, রং ও অলংকরণের পাশাপাশি মণ্ডপ, তোরণ ও আলোকসজ্জার প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৫। সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৪৯৬টি। তবে ঢাকা মহানগরে এবার ২৫৮টি মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের ২৬১টির তুলনায় তিনটি কম।

উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে ২২ দফা নিরাপত্তানির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নির্দেশনার মধ্যে রয়েছে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগরীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন