Logo
×

Follow Us

জাতীয়

'দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত'

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

'দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত'

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

বিজিবি মহাপরিচালক বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করতে পারবেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবির সদস্যরা পেশাদারত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন, যাতে সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের সাথে নিরাপত্তা সমন্বয় নিশ্চিত করতে তিনি এ পরিদর্শন করেন। 

এ সময়  বিজিবি মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং রমনা কালীমন্দির সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, রাজধানীর রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ আশপাশের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে। পূজার প্রস্তুতির শেষ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতেই এ পরিদর্শন।

বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন