Logo
×

Follow Us

জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ, বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ, বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী

সংগৃহীত ছবি

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। নতুন ব্যবস্থায় দেশটিতে কর্মী পাঠাতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে। পাশাপাশি ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মী নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। তালিকায় রয়েছে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে দায়িত্ব দেওয়া হবে না। কর্মীরা যাতে সহজে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন এবং নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি না হয়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য দেশটির প্রধানমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন এই নিয়োগব্যবস্থার সফল বাস্তবায়নে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার প্রত্যাশা করছে সরকার।

মন্তব্য করুন