প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।দেশের প্রতিটি স্তরে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। এসব পরিকল্পনা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সব উদ্যোগ একসাথে বাস্তবায়ন করা কঠিন। তাই নির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ আইনের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে দেশে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
চিকিৎসাব্যয়ের চাপ কমাতে স্বাস্থ্যবিমার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসার খরচ মেটাতে সাধারণ মানুষকে নিজেদের পকেট থেকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এতে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে, যা অত্যন্ত দুর্ভোগের বিষয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গর্ভকালীন সময়ে নারী ও মায়েরা যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা অবমাননার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সমন্বিত একক সেবাকেন্দ্রে (ওয়ান-স্টপ সার্ভিস) রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এ ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্র ও চীনে ব্যবহৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কম খরচে দেশের সব উপজেলা পর্যায়ে এ সেবা চালুর পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও সমন্বয়ের সাথে কাজ করার আহ্বান জানান তিনি। পর্যায়ক্রমে দেশের প্রতিটি স্তরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন সাখাওয়াত হোসেন।
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)