Logo
×

Follow Us

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: ভিডিও স্ক্রিনশট

ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরের আনাচকানাচে, আশপাশে কিংবা রাস্তাঘাটের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এ মশার বংশবিস্তার ঘটে। তাই কোথাও পানি জমতে না দেয়া এবং ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা প্রয়োজন।


তারেক রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিবছর বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেকে মারাও যাচ্ছেন। স্বজন হারানোর কষ্ট গভীর। সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে অনেক মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব।

তিনি জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এ ছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের মতো বিভিন্ন সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য রয়েছেন। এসব সংগঠনের সদস্যরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের উদ্যোগে ডেঙ্গুর মতো সমস্যার সমাধান সম্ভব নয়; এ জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। প্রত্যেক পরিবার সপ্তাহে অন্তত দুই দিন নিজেদের ঘর, বাড়ির আশপাশ এবং চলাচলের পথের যেসব স্থানে মশার প্রজনন হতে পারে, সেগুলো পরিষ্কার করার উদ্যোগ নিতে পারে।

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, টিকা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় এর কার্যকারিতা সম্পর্কে সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে। তাই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় সমস্যাগুলোর সমাধান করতে চায় সরকার। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন