এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম
সংগৃহীত ছবি
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সাথে সরকারের প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী জানান, ধর্মঘট প্রত্যাহার না করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এরপর ব্যবসায়ীরা তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেন।
এর আগে গত ১২ অক্টোবর এলপিজি ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে নির্ধারিত ওই দুই দিনের ধর্মঘট আর হচ্ছে না।
এদিকে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে ২৯ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হবে। এ শুনানিতে এলপিজির মূল্য নির্ধারণসংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আসার কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)