Logo
×

Follow Us

জাতীয়

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

ছবিঃ পিআইডি

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে জাতীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের কমিটি গঠন করা হলে বিভিন্ন সম্প্রদায়ের সমস্যা ও দাবি সরকারের কাছে তুলে ধরা সহজ হবে বলে মনে করেন তিনি।

বুধবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথেরের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।

সাক্ষাৎকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ছেলে-মেয়েদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আরো গুরুত্ব দিতে হবে। তারা যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সে জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সম্প্রদায়ের শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। পাশাপাশি সম্প্রদায়টির ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কেও তাঁকে অবহিত করেন।

জবাবে রাষ্ট্রপতি সব ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরীকরণে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। তিনি প্রতিনিধিদলকে তাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় প্রতিনিধিদল আগামী নভেম্বরে রাজধানীর কমলাপুরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী কঠিন চীবরদান অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশ্বাস দেন।

প্রতিনিধিদলে আরো ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতিম বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি ও সাবেক যুগ্ম সচিব রণজিৎ কুমার বড়ুয়া, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সভাপতি ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দিলীপ কুমার বড়ুয়া, বাসাবো ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ সুমিত্তানন্দ ভিক্ষু (অনুপম বড়ুয়া) এবং রীটন কান্তি বড়ুয়া (স্বরূপানন্দ ভিক্ষু)সহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন