Logo
×

Follow Us

জাতীয়

এলএনজি কেনার দুই প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

এলএনজি কেনার দুই প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ

সংগৃহীত ছবি

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা ও সরবরাহসংক্রান্ত দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রস্তাব দুটিতে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি সংগ্রহের কথা বলা হয়েছে।

মঙ্গলবার রাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় প্রস্তাব দুটি উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভার বিষয়টি জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

প্রথম প্রস্তাবে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

অন্য প্রস্তাবটিতে জাতীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই।

দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এলএনজি সংগ্রহের প্রক্রিয়া এগিয়ে নেয়া যাবে। দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং জাতীয় জ্বালানি চাহিদা পূরণে এলএনজি আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন