শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: পিআইডি
দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং কঠোর আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুন্দর ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও বিদ্যমান সমস্যার বিষয়েও তার দৃষ্টি আকর্ষণ করেন প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উত্তরা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে তাঁকে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, সহকারী অধ্যাপক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)