Logo
×

Follow Us

জাতীয়

জেএফকে বিমানবন্দরে ইউনূসকে হেনস্তার নিন্দা রিজভীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

জেএফকে বিমানবন্দরে ইউনূসকে হেনস্তার নিন্দা রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার দেয়া এক বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীরা বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করেছেন। তার দাবি, এ ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ও দেশবিরোধী কর্মকাণ্ডের ধারাবাহিকতার অংশ।

বিবৃতিতে রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার কারণেই ড. ইউনূসকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে তিনি মনে করেন।

বিএনপির এই নেতা বলেন, ড. মুহাম্মদ ইউনূস শুধু অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই নন, তিনি নোবেলজয়ী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব। তার সঙ্গে বিদেশের মাটিতে অসৌজন্যমূলক আচরণের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তির জন্যও অসম্মানজনক।

রিজভী আরো অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যার মতো ঘটনা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। তার দাবি, ওই শাসনের সহযোগী ব্যক্তিরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে অবস্থান করে এখনো প্রতিহিংসামূলক আচরণ চালিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে প্রতিহিংসাপরায়ণ মনোভাবের পরিবর্তন হয়নি বলে এ ঘটনা থেকে প্রতীয়মান হয়। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার প্রভাব এখনো দেশের বাইরে পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান রুহুল কবির রিজভী।

মন্তব্য করুন