সাইবার অপরাধ মোকাবিলায়
আট বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
সাইবার অপরাধ শনাক্ত ও দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অবকাঠামো যুক্ত করে ফরেনসিক পরীক্ষাগারগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির বিকাশের সাথে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল মাধ্যমে প্রতারণা, সাইবার অপরাধ এমনকি শেয়ারবাজারে কারসাজির মতো ঘটনাও ঘটছে। এসব অপরাধ শনাক্ত, তদন্ত ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, অপরাধের ধরন বিবেচনায় নিয়ে ফরেনসিক পরীক্ষাগারগুলোকে আধুনিকায়ন করা হবে। উন্নত প্রযুক্তি, প্রয়োজনীয় সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে অপরাধ তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিআইডি প্রতিষ্ঠার পর থেকেই রাসায়নিক পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন নমুনা বিশ্লেষণ করে বিচারিক কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিবেদন দেয়া হয়। তবে বর্তমান বাস্তবতায় অপরাধ তদন্তের পরিধি ও প্রযুক্তিগত চাহিদা বেড়ে যাওয়ায় পরীক্ষাগারগুলোর সক্ষমতা সম্প্রসারণ প্রয়োজন।
তিনি আরো বলেন, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও নির্ভরযোগ্য ফরেনসিক প্রতিবেদন বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং অপরাধের রহস্য উদ্ঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথ সহজ হয়। তাই সময়ের চাহিদা অনুযায়ী ফরেনসিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে।
সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোরীয় সরকারের সাথে সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নিজস্ব ল্যাবরেটরি সুবিধা প্রতিষ্ঠার পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন। সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কেওআইসিএ) সহযোগিতায় ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)