বিধি সংশোধনে চাকরিজীবীদের অর্জিত অধিকার বাতিল নয়: হাইকোর্ট
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
হাইকোর্ট
চাকরিতে যোগদানের সময় কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা পরবর্তী সময়ে বিধি বা প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে কেড়ে নেয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, চাকরিসংক্রান্ত বিধিমালা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষের থাকলেও তা ভূতাপেক্ষভাবে কার্যকর করে কর্মীদের আগে থেকে অর্জিত আইনি অধিকার খর্ব করা যাবে না।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সাত উপসহকারী প্রকৌশলীর পদোন্নতিসংক্রান্ত রিট আবেদনের নিষ্পত্তি করে এ রায় দেন হাইকোর্ট। গত ১৯ আগস্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সময়ের চাহিদা ও বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে চাকরির বিধি বা প্রবিধানমালা সংশোধন করা যেতে পারে। তবে সংশোধিত বিধান অতীত থেকে কার্যকর দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত আইনি সুবিধা কিংবা পদোন্নতির যোগ্যতা কেড়ে নেয়া গ্রহণযোগ্য নয়।
‘মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার ও অন্যান্য বনাম রাষ্ট্র’ মামলায় এ সিদ্ধান্ত দেয়া হয়। ১৭ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ের মূল অংশ লিখেছেন বিচারপতি এ এফ এম সাইফুল করিম।
রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আখন্দ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে ছিলেন আইনজীবী কবির ইকবাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আক্তার হোসেন মো. আবদুল ওহাব।
হাইকোর্টের এ রায় চাকরির বিধিমালা সংশোধন এবং কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)