রিয়াদে ফ্লাইট চলাচল বন্ধ, বিপাকে ১৩ হাজার যাত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা–রিয়াদ রুটে ৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভ্রমণসূচি বিপর্যয়ে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানান।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারলাইনসের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবে বিমান চলাচল ব্যাহত হওয়ায় এসব ফ্লাইটের যাত্রীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাঁদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটছে। বিশেষ করে যাঁরা ট্রানজিট ফ্লাইটে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের ভোগান্তি বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তনের সাথে বাতিল হওয়া ফ্লাইট ও ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা বাড়তে বা কমতে পারে। এ অবস্থায় ঢাকা–রিয়াদ রুটে যাত্রার পরিকল্পনা করা যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)