দক্ষতা ও নৈতিকতায় আইনজীবীদের মর্যাদা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
সংগৃহীত ছবি
আইন পেশায় সাফল্য অর্জন এবং আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে আইনি জ্ঞানের পাশাপাশি দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী দক্ষ ও নীতিবান আইনজীবী গড়ে তুলতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ইন্টার্নশিপ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও-ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন পেশায় দক্ষতা অর্জনের জন্য শুধু আইনের বইপত্রে সীমাবদ্ধ থাকলে চলবে না। অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়েও জ্ঞান থাকতে হবে। একই সাথে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। এসব গুণের সমন্বয় একজন আইনজীবীকে পেশাগতভাবে সফল হওয়ার পাশাপাশি সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।
তিনি জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করা মেধাবী তরুণদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে এ ইন্টার্নশিপ কর্মসূচি চালু করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর অন্তত ১০০ জন ইন্টার্নকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। পাঁচ বছরে এ কর্মসূচির আওতায় ৫০০ জন তরুণ আইনজীবী ও আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মেধাভিত্তিক, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনপ্রক্রিয়া নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আদালত ও আইন পেশার বাস্তব পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন তরুণদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন এবং কর্মক্ষেত্রের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
আইন পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের প্রসঙ্গ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনজীবীদের নিজেদের প্রস্তুত করতে হবে। এ জন্য বিশ্লেষণী চিন্তাভাবনা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা অর্জন প্রয়োজন।
আইন প্রণয়ন ও সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি মানবাধিকার কমিশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন এবং সাইবার আইন সংশোধনসহ বিভিন্ন বিষয়ে চলমান কাজের কথা উল্লেখ করেন। এসব আইনের খসড়া তৈরি ও পর্যালোচনায় তরুণ আইনজীবীদের মেধা, জ্ঞান ও সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন অসংগতি চিহ্নিত করার পাশাপাশি সেগুলো দূর করতে আইনজীবীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাজের সমস্যা সমাধান ও ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার কারণেই আইনজীবীদের সমাজের প্রকৌশলী হিসেবে বিবেচনা করা হয়।
তিনি আরো বলেন, পেশাগত সাফল্যের সাথে সততা ও জবাবদিহির সমন্বয় থাকতে হবে। মক্কেলের সাথে প্রতারণা, অর্থের প্রতি অতিরিক্ত লোভ কিংবা বিচারপ্রক্রিয়াকে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা আইন পেশার মর্যাদার পরিপন্থী। এ জন্য আইনজীবীদের পেশাগত আচরণবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, একজন দক্ষ আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি মানবিক ও নীতিবান মানুষ হয়ে ওঠা এবং জাতি গঠনেও অবদান রাখা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ইন্টার্নশিপ কর্মসূচি ভবিষ্যতে দক্ষ, মানবিক ও নৈতিকতাসম্পন্ন আইনজীবী তৈরিতে সহায়ক হবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য ইউএনডিপি বাংলাদেশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঞ্চালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের রুল অব ল অ্যান্ড হিউম্যান রাইটস প্রোগ্রামের সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়াইগার এবং অ্যানালিস্ট জিনবো চোইসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)