জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক বুঝিয়ে দিল পুলিশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: সংগৃহীত
নাটোর রেলওয়ে স্টেশনের প্রতীক্ষালয় থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের মূল্যবান ম্যাকবুক ল্যাপটপ উদ্ধার করে তার হাতে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। পাশাপাশি পেশাদারিত্ব ও দ্রুততার সাথে ল্যাপটপ উদ্ধার করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি আনুষ্ঠানিকভাবে ওই বিদেশি পর্যটকের কাছে উদ্ধারকৃত ল্যাপটপটি হস্তান্তর করেন। এ সময় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। ভ্রমণ শেষে গত ৭ অক্টোবর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছেন। স্টেশনের বিশ্রামাগারে নিজের ক্যামেরা ও ম্যাকবুকটি রেখে তিনি নিকটস্থ একটি এটিএম বুথে টাকা তুলতে যান। সেখান থেকে ফিরে এসে জিনিসগুলো দেখতে না পেয়ে তিনি দ্রুত নাটোর সদর থানায় গিয়ে আইনি সহায়তা চান।
হারানো ল্যাপটপটিতে ওই পর্যটকের গত ছয় মাসের গুরুত্বপূর্ণ তথ্য ও ভ্রমণকেন্দ্রিক নানা নথিপত্র সংরক্ষিত ছিল। পর্যটকের আবেদনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে নাটোর জেলা পুলিশ, নাটোর সদর থানা, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক যৌথ দল তাৎক্ষণিক অনুসন্ধান অভিযানে নামে। ধারাবাহিক তল্লাশির পর গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
ল্যাপটপটি ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। একইসাথে বাংলাদেশে ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতা এবং পুলিশের আন্তরিক সহযোগিতার প্রশংসাও করেন তিনি।
বিদেশি নাগরিকের এই গুরুত্বপূর্ণ নথিসহ ডিভাইস উদ্ধার এবং পুলিশি সেবার দক্ষতা তুলে ধরায় নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন আইজিপি।
পুরস্কার বিতরণকালে আইজিপি সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্বশীলতার প্রশংসা করেন। ভবিষ্যতে দেশি-বিদেশি সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা, পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখা এবং দ্রুততম সময়ে জনমুখী সেবা প্রদানে পুলিশ বাহিনীকে তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)