Logo
×

Follow Us

জাতীয়

জনস্বার্থ বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

জনস্বার্থ বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

ছবিঃ পিআইডি

উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং বাস্তবায়নের আগে প্রকল্পের সম্ভাব্যতা যথাযথভাবে যাচাই করার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, এমনভাবে প্রকল্প পরিকল্পনা করতে হবে, যাতে সর্বাধিকসংখ্যক মানুষ এর সুফল পেতে পারেন।

আজ সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সাথে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন জাইকার চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. আবদুল মঈন খান বলেন, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশের উন্নয়নে জাপানের ধারাবাহিক সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতার পরিধি সম্প্রসারণের আহ্বান জানান।

প্রকল্প পরিকল্পনায় সম্ভাব্যতা যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী মেট্রোরেল সম্প্রসারণের উদাহরণ দেন। তিনি বলেন, মেট্রোরেল টঙ্গী বা জয়দেবপুর পর্যন্ত সম্প্রসারণ করা গেলে আরও বেশি মানুষ এ সেবার সুবিধা পেতেন। একই সাথে হাওর অঞ্চলের উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

বৈঠকে জাইকার পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে কমিউনিটি সেবা, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, আঞ্চলিক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং হাওর অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়ন চলছে। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বাস্তবায়নাধীন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্ট (ইউডিসিজিপি) এবং সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসসিআরডিপি) অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে দেশের সব উপজেলায় বাস্তবায়নের পরিকল্পনাধীন উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে (ইউজিডিপি-টু) সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয়া হয়।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে ড. আবদুল মঈন খান বলেন, দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে হবে। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে জাইকার চলমান ও সমাপ্ত বিভিন্ন প্রকল্পের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের উদ্যোগ আরো সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন সহযোগী সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে দাতা সংস্থার প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী। উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করবে এই কমিটি।

বৈঠকে জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ মরিকাওয়া ইয়োকো, লোকাল গভর্নেন্স উপদেষ্টা আকিরা মুনাকাতা, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন