বিশ্বব্যাংকের অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে আরো কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, অতিরিক্ত অর্থসহায়তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি আলোচনার পর্যায়ে রয়েছে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে এবং পুরো প্রক্রিয়া আগামী কয়েক মাস ধরে চলতে পারে।
তিনি জানান, বিশ্বব্যাংকের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে দুই পক্ষের করণীয় এবং সম্ভাব্য সিদ্ধান্তের ভিত্তি তৈরি হচ্ছে। এ বিষয়ে ঢাকায়ও আলোচনা অব্যাহত থাকবে।
বিশ্বব্যাংকের সাথে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আমির খসরু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সাথে সংস্থাটির সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকারের গৃহীত নীতির প্রতিও বিশ্বব্যাংকের সমর্থন রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের সময়ের বিভিন্ন দায়দায়িত্বের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটও মোকাবিলা করতে হচ্ছে। এসব বাস্তবতা বিশ্বব্যাংক উপলব্ধি করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের পাশে থাকতে বিশ্বব্যাংক আগ্রহী। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের জন্য সরকার যে কর্মসূচি ও নীতিগত দিকনির্দেশনা নির্ধারণ করেছে, তার সঙ্গে সংস্থাটির পূর্ণ সমঝোতা রয়েছে।
বিশ্বব্যাংকের সাথে ভবিষ্যৎ অংশীদারত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব জমা দেয়া হয়েছে। বিশ্বব্যাংক এ নিয়ে বিভিন্ন সুপারিশ ও পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশও নিজেদের প্রস্তাব তুলে ধরেছে।
এদিকে মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার কোনো আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাসকে বিতর্কিত করতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব প্রক্ষেপণ তৈরি করেছে।
তিনি বলেন, সরকার বাজেটে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। বাজেটে উল্লেখ করা প্রক্ষেপণগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)