ঢাকা-কুমিল্লা ৮১ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণের সিদ্ধান্ত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন বা উড়াল রেলপথ নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। প্রায় ৮৩ হাজার ৯০১ কোটি টাকা ব্যয়ের প্রাথমিক প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। একই সাথে দুই শহরের মধ্যে ট্রেনে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমে আসতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই উড়ালপথে নির্মাণ করা হবে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রস্তাবিত এ কর্ডলাইন মূলত বিদ্যমান রেলপথের তুলনায় অপেক্ষাকৃত সরাসরি ও সংক্ষিপ্ত যোগাযোগব্যবস্থা তৈরি করবে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামে রেলযাত্রার দূরত্ব কমার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্ট প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পুরো রেলপথ উড়ালপথে নির্মাণ করা হলে প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। এতে ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা কমানোর পাশাপাশি রেল যোগাযোগের জন্য নতুন অবকাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, জমি অধিগ্রহণের পর প্রকল্পটির নির্মাণকাজ শেষ করতে প্রাথমিকভাবে চার বছর সময় লাগতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত ব্যয়, বাস্তবায়ন পরিকল্পনা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেল করিডরে যোগাযোগের সময় কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনে গতি বাড়তে পারে। পাশাপাশি দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আরও কার্যকর করার সম্ভাবনা তৈরি হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)