Logo
×

Follow Us

জাতীয়

কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে ইউএইর সহযোগিতা চাইলেন এলজিআরডি মন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে ইউএইর সহযোগিতা চাইলেন এলজিআরডি  মন্ত্রী

ছবিঃ বাসস

বাংলাদেশের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সাথে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামদির সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব তুলে ধরেন মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ পানি নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে বিশুদ্ধ পানির প্রাপ্যতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় লবণাক্ত পানিকে পানযোগ্য করে তোলার প্রযুক্তি ব্যবহারে ইউএইর সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগের অর্থ জোগাড় করা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এলে এবং বিনিয়োগের অর্থ ধাপে ধাপে পরিশোধের সুযোগ থাকলে তা দেশের জন্য সুবিধাজনক হবে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউএইর প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকের শুরুতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন মন্ত্রী।

এ সময় রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামদি বলেন, সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রদূত।

বৈঠকে ইউএই থেকে বাংলাদেশে আমদানি করা উন্নতমানের লাইমস্টোনের ওপর কর কমিয়ে আমদানির পরিমাণ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত। জবাবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন স্থানীয় সরকারমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে ইউএইর ইকোনমিস্ট অ্যানালিস্ট শাহমিনা ইশা মান্নান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন