আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের আলোচনা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
ছবিঃ বাসস
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হওয়ার বিষয়টি শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে ট্যাক্সি ও ট্রাকচালকসহ বিভিন্ন পেশায় দক্ষ বাংলাদেশি কর্মীদের নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষ। একই সাথে দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং কৌশলগত অবকাঠামো ও শিল্প খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সহযোগিতা আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)