Logo
×

Follow Us

জাতীয়

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তারা তার বিরুদ্ধে হত্যা, গণগ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চান।

সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এর আগে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরটিতে পৌঁছান ড. ইউনূস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে কয়েকজন ব্যক্তি ড. ইউনূসকে উদ্দেশ করে বিভিন্ন অভিযোগ করছেন। তাঁদের মধ্যে একজন বারবার তার যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান। ওই ব্যক্তি ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে মানুষ হত্যা ও সন্ত্রাসের অভিযোগ তুলে প্রশ্ন করেন, তিনি কেন যুক্তরাষ্ট্রে এসেছেন।

ভিডিওতে ওই ব্যক্তিকে বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগও করতে শোনা যায়। পাশাপাশি তিনি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে ড. ইউনূসের কাছে এর ব্যাখ্যা চান।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা হয়েছে।

মন্তব্য করুন