Logo
×

Follow Us

জাতীয়

জনগণকে প্রতিপক্ষ করে কেউ সফল হতে পারে না: মৎস্য প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

জনগণকে প্রতিপক্ষ করে কেউ সফল হতে পারে না: মৎস্য প্রতিমন্ত্রী

ছবিঃ পিআইডি

জনগণকে সাথে নিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে, তবে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বাংলাদেশি পরিচয়কে ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলেন। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। এই ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজা উদযাপনের জন্য সরকার বরাদ্দ দিয়েছে। নির্ধারিত নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুসরণ করে এসব বরাদ্দ এবং সহায়তা যথাযথভাবে বণ্টন নিশ্চিত করতে হবে।

সভায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক দেশের জন্য একটি গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

দুর্গাপূজায় মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

মন্তব্য করুন