Logo
×

Follow Us

জাতীয়

রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে গত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটে মোট ৩ হাজার ১২ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ওই দিন রাতে চালানো সর্বশেষ হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজও লক্ষ্যবস্তু করা হয়। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে হামলার ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এ সংঘাতের মধ্যে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর আগে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কোনো বিমান সংস্থা চলাচল করলে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। এর পর শনিবার রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। হামলার প্রভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইট চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন