সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে।
রবিবার (১১ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের পরিচয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর এলাকার নাসরুল্লাহ বদরপুরি। শাহেদ স্থানীয় মো. রফিকুল ইসলামের ছেলে এবং নাসরুল্লাহ মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে।
শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, নিহত দুই বাংলাদেশির মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। একই ঘটনায় আহত আরো চারজন বাংলাদেশি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বেসামরিক স্থাপনায় ও নাগরিকদের ওপর এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি অবিলম্বে শত্রুতা বন্ধ করে সংলাপের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)