Logo
×

Follow Us

জাতীয়

অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

সংগৃহীত ছবি

সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ সুরক্ষায় সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকাস্থ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশে তাঁদের নির্ভীক ও দায়িত্বশীল থাকতে হবে। একই সাথে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের ঘটনা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি অপসাংবাদিকতা, অপতথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও পেশাদার সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় নিজ জেলার প্রতি গভীর ভালোবাসা ও শিকড়ের টান তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, যে শিকড় থেকে তাঁর বেড়ে ওঠা, সেই শিকড়ের সাথে সম্পর্ক অটুট রাখতে চান তিনি।

ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার এবং স্থানীয় সাফল্য ও অর্জন জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় ফোরামের সদস্যদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তাতদের ইতিবাচক ভূমিকা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে ফোরামের নেতারা সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসাসহায়তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির সমৃদ্ধি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন