নতুন জাতীয় দিবস ও সরকারি ছুটির পরিপত্র জারি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। রবিবার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্রটি জারি করা হয়।
নতুন পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনায় জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণ দিবস পালনের ক্ষেত্রে আড়ম্বর ও ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এতে সাজসজ্জা ও বড় পরিসরের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহারের নির্দেশনা দেয়া হয়েছে। দিবস উপলক্ষে রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা এড়িয়ে চলতে বলা হয়েছে।
পরিপত্রে আরো বলা হয়েছে, কোনো সপ্তাহ পালনের কর্মসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি অনুষ্ঠান আয়োজনের কারণে যেন দাপ্তরিক কাজে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পর আয়োজনের চেষ্টা করতে হবে।
সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে যেসব সাধারণ অনুষ্ঠানে নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন নেই, সেগুলো ছুটির দিন কিংবা কর্মদিবসে আয়োজন করা যাবে। দিবস বা সপ্তাহ পালনের জন্য জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করার নির্দেশনাও দেয়া হয়েছে।
নতুন পরিপত্রে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রেও সমন্বয়ের নির্দেশনা রয়েছে। সরকারি ব্যয় কমাতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে অগ্রাধিকার দিয়ে একই ধরনের দিবস একই তারিখে একসাথে পালনের কথা বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
পরিপত্রে উল্লেখিত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)