বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে
প্রধানমন্ত্রীর সাথে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
ছবিঃ পিএমও
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে।
রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন নতুন খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো এবং কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এ সময় তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে স্বাগত জানান।
বৈঠকে বাংলাদেশ ও মারুবেনি কর্পোরেশনের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্কের বিষয়টিও উঠে আসে। প্রধানমন্ত্রী বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। দেশের প্রকৌশল স্নাতকদের এসব ক্ষেত্রে দক্ষ করে তোলার পরিকল্পনা এবং আন্তর্জাতিক বাজারে প্রযুক্তিভিত্তিক সেবা দেয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। দক্ষ জনশক্তি ও প্রতিযোগিতামূলক সেবার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ কাজে লাগাতে পারে বলে বৈঠকে আলোচনা করা হয়।
আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়টিও আলোচনায় আসে। এ প্রকল্পে মারুবেনি কর্পোরেশনের সম্ভাব্য বিনিয়োগ ও অংশগ্রহণ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনাও বিবেচনায় নেয়া হয়।
সার উৎপাদন খাতেও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনি কর্পোরেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)